প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪৯ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি জিম্মি ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছে। আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। সোমবার (২ ডিসেম্বর) হামাস এ ঘোষণা দিয়েছে।
গাজায় চলমান যুদ্ধে গত ১৪ মাসে এসব জিম্মি নিহত হয়েছেন। তবে তাদের জাতীয়তা প্রকাশ করেনি গোষ্ঠীটি।
সোমবার ইসরায়েলকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ‘উম্মাদের মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে আপনারা চিরতরে আপনাদের জিম্মিদের হারাতে পারেন। খুব বেশি দেরি হওয়ার আগে আপনার যা করা উচিত (এই পরিস্থিতিতে) তা করুন।’
এর কিছুক্ষণ পরই হামাস একটি ভিডিও প্রকাশ করে জানায়, কখন ও কীভাবে জিম্মিদের হত্যা করা হয়েছে।
সোমবার হামাসের পোস্ট করা ভিডিওটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর আগের হামলার ফুটেজ,যে হামলায় ইসরায়েলি জিম্মি নিহত হয়েছিলেন তার ফুটেজ রয়েছে। পাশাপাশি কিছু জিম্মির বার্তার ভিডিও ফুটেজও অন্তর্ভুক্ত রয়েছে।
জিম্মিদের এ করুণ পরিণতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে ভিডিও বার্তায় আরও বলা হয়, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা’ ও ‘চলমান আগ্রাসনের কারণে’ গাজায় ইসরায়েলি জিম্মিরা নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৫ হাজার ৩৫৮ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।