প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:১৬ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪২ এএম
ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের দর্শক মারামারি করছে। রবিবার (১ ডিসেম্বর) গিনি থেকে তোলা। ছবি : সংগৃহীত
গিনির দ্বিতীয় বড় শহর এন’জেরেকোয় রবিবার (১ ডিসেম্বর) ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত কেন্দ্র করে দুই পক্ষের দর্শকের মধ্যে তুমুল মারামারি হয়। হাসপাতালসূত্র থেকে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু সারি সারি লাশ পড়ে আছে। অন্যরা পড়ে আছে মেঝেতে। মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে প্রায় ১০০ জন মারা গেছে।’ অন্য এক চিকিৎসক বলেন, সেখানে বহু মানুষ মারা গেছে।
সমাজমাধ্যমে সংঘর্ষের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে খেলা চলছিল তার বাইরে সড়কে বহু মানুষ। তাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। অসংখ্য লাশ মাটিতে পড়ে আছে। এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ দর্শক এন’জেরেকোয় পুলিশ স্টেশনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, খেলায় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের জেরে এসব শুরু হয়। এক পর্যায়ে দর্শক মাঠে নেমে আসে। নিরাপত্তার উদ্বেগ থেকে এ প্রত্যক্ষদর্শী নিজের নাম প্রকাশ করতে চাননি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত রবিবারের খেলাটি ওই প্রতিযোগিতার অংশ ছিল। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুমবুইয়া। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন।
সূত্র : বিবিসি