× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ এএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার সন্তান হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তার শেষ কয়েকটি উদ্যোগের অংশ হিসেবে রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।

হান্টারের সাজার ঘটনাকে তিনি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেন।

দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। তবে এর আগে ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে-কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ করে এসব মামলা দায়ের করা হয়েছিল। আর এটা ভুল।’

বাইডেনের এ উদ্যোগে মার্কিন বিচারব্যবস্থার স্বাধীনতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধানকে নিজেই মনোনীত করেছেন। বিচার বিভাগেও তিনি নিজেই নিয়োগ দিতে যাচ্ছেন।

হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের মালিকানা বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির ঘটনায়ও তিনি দোষী সাব্যস্ত হন। তবে এসব অভিযোগে কারাদণ্ড পাননি হান্টার।

বাইডেন বারবারই বলে এসেছেন, তিনি ছেলেকে কোনোমতেই ক্ষমা করবেন না।

বিবৃতিতে বাইডেন জানান, তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন। ছেলেকে উদ্দেশ্যমূলক ও অন্যায় বিচারের মুখোমুখি হতে দেখেও তিনি প্রতিশ্রুতি থেকে সরে আসেননি।

‘আমি বলেছিলাম বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না। আমি আমার কথা রেখেছি। কিন্তু একই সঙ্গে লক্ষ করলাম, আমার ছেলেকে আলাদা করে উদ্দেশ্যমূলক ও অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হলো’, যোগ করেন বাইডেন।

কংগ্রেসে বেশ কয়েকটি বিরোধী দলের উস্কানিতে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন। নির্বাচনে বাইডেনের বিরোধিতা করতেই বিরোধী দলগুলো এমন উস্কানি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে বাইডেন আরও বলেন, ‘আমি বিচারব্যবস্থার ওপর ভরসা রাখি। কিন্তু এ বিষয়টির সঙ্গে লড়তে গিয়ে আমার উপলব্ধি হলো, খাঁটি রাজনীতি এ প্রক্রিয়াকে আক্রান্ত করেছে এবং এতে বিচারব্যবস্থায় পচন ধরেছে।’

এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিজের পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য এমন ক্ষমা প্রদর্শনের উদাহরণ রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কোকেনসংক্রান্ত মামলায় তার সৎভাইকে ক্ষমা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও তার আগের মেয়াদে কর ফাঁকির মামলায় মেয়ের শ্বশুরকে ক্ষমা করেন। তারা সবাই কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

গত সেপ্টেম্বরে কর ফাঁকির মামলায় হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বন্দুকসংক্রান্ত আলাদা মামলায় তার ২৫ বছরের কারাদণ্ড হয়।

ইতোমধ্যে বকেয়া কর ও অন্যান্য জরিমানা পরিশোধ করেছেন হান্টার। এর আগে তিনি বিচার বিভাগের সঙ্গে একটি আপসে যাওয়ার চেষ্টা করেন। এতে তার কারাদণ্ড মওকুফ করা হতো। কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি ভেস্তে যায়।

বাইডেনের নির্বাচনী প্রচারে পুরোটা সময় হান্টারের এসব আইনি ঝামেলা তাকে বিব্রত করেছে। রিপাবলিকানরা বারবার দাবি করেন, প্রেসিডেন্টের সন্তান হয়ে বিশেষ সুবিধা পাচ্ছেন হান্টার।

তবে পরে বাইডেনের বদলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রার্থিতা পেলে এ বিষয়ে আলোচনা অনেকটাই কমে আসে। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে হান্টার বাইডেন জানান, তিনি তার জীবনকে নতুন করে গড়ে তুলবেন এবং যারা অসুস্থ ও দুর্দশায় আছেন, তাদের সাহায্য করার জন্য নিজেকে নিবেদিত রাখবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা