প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৯ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন বলে আশা করছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ম্যাসাচুসেটসের নানটাকেটে বাইডেন তার পরিবারের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ডে-এর ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি ট্রাম্পের শুল্ক প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন,‘আমি আশা করি সে (ট্রাম্প) এটা পুনর্বিবেচনা করবেন। আমি মনে করি এটি একটি বিপরীতমুখী কাজ।’
বাইডেন জানিয়েছেন, ট্রাম্পের শুল্ক আরোপের প্রস্তাব বাস্তবায়ন করা হলে ঘানষ্ঠ মিত্রদের (মেক্সিকো ও কানাডা) সঙ্গে সম্পর্ক ‘নষ্ট হয়ে যেতে পারে’।
সোমবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার দুই প্রধান বাণিজ্য অংশীদার মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। মেক্সিকো ও কানাডা তাদের অভিবাসন বা মাদক পাচারের মতো বিষয়গুলো সমাধান না করলে এ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প এ দু্ই দেশের পাশাপাশি চীনের ওপরও শুল্ক আরোপের কথা বলেছেন। তিনি আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফেরার প্রথম দিনই এ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন।