পিটিআইয়ের বিক্ষোভ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:২২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম
ইমরান খান (বাঁ দিকে) ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবিসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন আটটি মামলা দিয়েছে ইসলামাবাদ পুলিশ। ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় এ মামলাগুলো করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনমুক্ত ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘কঠোর সিদ্ধান্তের’ আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা পরই ফেডারেল ক্যাপিটাল পুলিশ এ পদক্ষেপটি নিয়েছে।
বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শাহবাজ বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা পাকিস্তানকে বাঁচাব নাকি ভেসে যেতে দেব।’
শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোর, তারনল ও বানি গালাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি দায়ের করা এফআইআরে বুশরা বিবির পাশাপাশি পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলী আমিন গান্দাপুর, সালমান আকরাম রাজা ও শেখ ওয়াকাস আকরামের নাম রয়েছে।
এই আট মামলায় পিটিআইয়ের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি হাজার হাজার সাধারণ ব্যক্তির নামও রয়েছে।
পুলিশের দায়ের করা এ মামলাগুলোতে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারার লঙ্ঘন, অপহরণ ও সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
গত রবিবার (২৪ নভেম্বর)দেশটিতে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। যা মঙ্গলবার রাতে রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। টানা তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল পাকিস্তান। বিক্ষোভে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার পিটিআই তাদের বিক্ষোভ প্রত্যাহার করে জানায়, ইমরান খানের নির্দশনার ভিত্তিতে তারা খুব দ্রুতই এ বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে।
সূত্র : জিও নিউজ