প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
ছবি : সংগৃহীত
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভ প্রত্যাহার করেছে। বুধবার (২৭ নভেম্বর) পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভস্থলে দমন-পীড়ন অভিযান চালানো শুরু করলে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সেখান থেকে পালিয়ে যান। দলটির বিক্ষোভকারীরা ইসলামাবাদের রেড জোন থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরই পিটিআই থেকে এ ঘোষণাটি এলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিটিআই মিডিয়া সেল বলেছে, ‘সরকারের নিষ্ঠুরতা ও ফেডারেল রাজধানীকে নিরস্ত্র নাগরিকদের জন্য ‘কসাইখানায়’ পরিণত করার পরিকল্পনার আলোকে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি।’
সাবেক ক্ষমতাসীন দলটি জানিয়েছে, ইমরান খানের নির্দশনার ভিত্তিতে তারা খুব দ্রুতই এ বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে।
গত রবিবার (২৪ নভেম্বর) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। যা মঙ্গলবার রাতে রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। গত তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল পাকিস্তান। এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিটিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, দলটির রাজনৈতিক ও প্রধান কমিটিগুলো বিক্ষোভ ও পরবর্তী সময়ে নাগরিকদের ওপর সরকারের বর্বরতার ঘটনাগুলো বিশ্লেষণ করবে। পরে পিটিআই প্রতিষ্ঠাতাকে এসব বিশ্লেষণের ফলাফল জানানো হবে।
সূত্র : জিও নিউজ