ইমরান খানের মুক্তির দাবি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১২:০৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম
ছবি : সংগৃহীত
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তানে রাজধানী অভিমুখে বিক্ষোভ মিছিল সহিংসতার রূপ নিয়েছে। নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রীনগর হাইওয়েতে রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি চাপিয়ে দিয়েছে কিছূ দুষ্কৃতকারীরা। এতে চারজন রেঞ্জার্সকর্মী নিহত হয়েছেন। আরও পাঁচজন রেঞ্জার্স কর্মী ও দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
গত রবিবার (২৪ নভেম্বর) সাবেক এই প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা সোমবার রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীরা ইসলামাবাদে প্রবেশ করলে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ক্যানিস্টার তাদের থামিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহীর সংঘর্ষ হয়।
পাকিস্তানের সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।
হতাহতের ঘটনা ঘটার পর কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ‘দেখামাত্র গুলি চালানোর’ নির্দেশ জারি করেছে দেশটির সেনাবাহিনী।
নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, এ সংঘর্ষের সময় গাড়ি চাপায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
পাঁচটি মরদেহ পিআইএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, পাঁচজনের মৃত্যূই গাড়ি চাপায় হয়েছে।
হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে তারা কোনো কোনো মন্তব্য করেননি।
পিটিআই নেতা-কর্মীরা রাজধানীর ডি চকে ইমরানের সমর্থকদের জমায়েত করার ঘোষণা দিয়েছেন। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করা হয়েছে। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার জারি করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে।
ইসলামাবাদের ডি চক এলাকায় তাঁদের বিক্ষোভ করবেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, জিও নিউজ