প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের সম্ভলে একটি মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হয়েছে। এ ঘটনার পর ওই এলাকার ইন্টারনেট পরিষেবা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রবিবার সকালে সরকারি কর্মকর্তারা সম্ভলে আদালতের নির্দেশে মুঘল আমলে নির্মিত শাহী জামা মসজিদে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। সে সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
এই সংঘর্ষে প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তিন নারীসহ ২১ জনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কঠোর জাতীয় সুরক্ষা আইনের (এনএসএ) আওতায় সহিংসতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সম্ভলে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসন সোমবার দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।
কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত কোনো বহিরাগত, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিদের সম্ভলে ঢুকতে নিষেধ করা হয়েছে।
মসজিদটি বিতর্কিত। মসজিদটি একটি হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত হয়েছিল বলে হিন্দুত্ববাদীরা দাবি তুলেছে। এ নিয়ে বর্তমানে একটি আইনি লড়াইও চলছে।
সূত্র : এনডিটিভি