প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে লেবাননের একজন সেনা সদস্য নিহত ও ১৮ জন আহত হয়েছে। লেবাননের সেনাদের হতাহতের এ ঘটনায় ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে টাইমস অব ইসরায়েলের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এমন এক এলাকায় এ ঘটনাটি ঘটেছে যেখানে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার সকালে আল-কালিলা-সোর সড়কের আল-আমিরিয়া শহরের একটি সেনাকেন্দ্রে এ হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনাকে দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছে। আর জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনার জন্য দুঃখিত। আর স্পষ্ট করে দিয়েছে যে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে লেবাননেও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। এমন সময় আল-আমিরিয়া শহরে লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরায়েল হামলা করায় এ হামলাকে আলোচনাধীন যুদ্ধবিরতি প্রস্তাবের ‘নির্লজ্জভাবে প্রত্যাখ্যান’ বলে নিন্দা জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আর এ ঘটনায় তার নিন্দা জানানোর পরই এ প্রতিবেদন প্রকাশ করা হলো।
লেবাননের সামরিক বাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ থেকে দূরে অবস্থান করছে। তা সত্ত্বেও সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জোরদার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ জনের বেশি লেবানিজ সেনা নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা, দ্য টাইমস অব ইসরায়েল