প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১০:২৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১১:০৩ এএম
হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। রবিবার (২৪ নভেম্বর) ইসরায়েলের রাজধানী তেলি আবিব থেকে তোলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে জানানো হয়েছে, হিজবুল্লাহর এ হামলার ফলে দেশটির রাজধানী তেল আবিবে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলিসহ দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে।
দেশটির সামরেক বাহিনী জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দিয়েছে। লেবানন থেকে ২৫০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
পরে ইসরায়েলি সেনাবাহিনীর বেতার জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে।
এর আগে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘প্রথমবারের মতো’ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। একইসঙ্গে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবে একটি ‘সামরিক লক্ষবস্তুতে’ অভিযান চালিয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত অক্টোবরের শুরু থেকে তারা লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়। ৮ অক্টোবর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলকে লক্ষ করে হামলা চালাতে থাকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন অবধি লেবাননের অন্তত ৩ হাজার ৭৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ হাজার ৬২৬ জন।