প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১০:০৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১১:০৭ এএম
দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। রবিবার (২৪ নভেম্বর) ফিলিপাইন থেকে তোলা। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের রাজধানীর একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। রবিবার (২৪ নভেম্বর) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।
ম্যানিলা সিটি ফায়ার ডিপার্টমেন্টের দমকল কর্মী আলেজান্দ্রো রামোস সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার সকালের দিকে ম্যানিলা সিটিতে এ ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটে। এ আগুনে হালকা ও দাহ্য পদার্থের তৈরি প্রায় ১ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
ম্যানিলা উপসাগরের পাশে অবৈধ বসতি স্থাপনকারীদের এ এলাকায় আগুন নেভানোর জন্য দেশটির বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছে। তারা সেখানে হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলেছে।
ফিলিপাইনের কোস্টগার্ডও আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি দমকল বাহিনীর নৌকা পাঠিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রায় ৩০টি দমকলের গাড়ি পাঠানো হয়েছে।
রামোস জানিয়ছেন, উপসাগর থেকে বয়ে আসা প্রবল বাতাসের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এখানকার সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার শিকার বাসিন্দারা রাস্তায় ভিড় করেছিলেন। ফলে দমকলকর্মীদের জন্য দুর্ঘটনাস্থলে প্রবেশ কঠিন হয়ে পড়ে।
ম্যানিলা দুর্যোগঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এখন পর্যন্ত স্থানীয়দের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : সিনহুয়া