প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২২:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ০০:০৯ এএম
কিম জং উন। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনও এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি।
শুক্রবার (২২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে বক্তব্য দেন কিম। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনার অভিজ্ঞতা ওয়াশিংটনের ‘আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ’ নীতির বিষয়টি স্পষ্ট করেছে। কিম বলেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধরত পক্ষগুলো কখনও এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি। কিন্তু এর ফল থেকে যা নিশ্চিত হয়েছে তা হলো, আমাদের সহাবস্থানের ইচ্ছা নয়, বরং তাদের শক্তি, আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির দৃঢ় অবস্থানÑযা কখনও বদলাবে না।
কিমের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন উত্তর কোরিয়া ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে কিম দেশের সামরিক বাহিনীকে যুদ্ধপ্রস্তুতি উন্নত করার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উত্তেজনা ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দায়ী করেন এবং কোরীয় উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে বড় উত্তপ্ত অঞ্চল বলে উল্লেখ করেন।