প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম
আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। ছবি : সংগৃহীত
ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানিকে ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ প্রকল্পে জড়িত থাকার ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার আদানি ও আরও সাতজনের বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ এনেছেন নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা। আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই পরোয়ানা হস্তান্তরের পরিকল্পনা করছেন কৌঁসুলিরা ।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানি ও তার সহযোগিদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার বিষয়টি জানিয়েছে।
গৌতম আদানির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। যার মাধ্যমে তারা ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা অর্জন করতে পারতেন। পরবর্তী তারা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।
যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন।
তারা আরও জানিয়েছেন, আদানি ও আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনীত জাইনের আরেক নির্বাহী ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতি গোপন করার মাধ্যমে ৩০০ কোটি ডলারেরও বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেছেন।
সূত্র : রয়টার্স