ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১২:৪২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কে জয়ী হবে তা ২০২৫ সালেই নির্ধারণ হয়ে যাবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রুশ আগ্রাসনের হাজারতম দিনে ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে এমনটিই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
এমন একসময় জেলেনস্কি এ মন্তব্য করেছেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর দীর্ঘ প্রতীক্ষিত অনুমোদন দিয়েছেন।
চলমান যুদ্ধটি এখন ‘চূড়ান্ত পরিণতির মুহূর্তে’ রয়েছে উল্লেখ করে জেলেনস্কি দেশটির আইনপ্রণেতাদের বলেছেন, ‘নির্ণায়ক মুহূর্তে… আর তা সামনের বছরই আসবে.... আমরা অবশ্যই আমাদের পুরো রাষ্ট্রের স্থিতিস্থাপকতা নিয়ে বিশ্বের কাউকে সন্দেহ করতে দেব না এবং এ পর্যায়ে এসে, কে বিজয়ী হবে তা নির্ধারণ করা হচ্ছে।’
জেলেনস্কি বলেছেন,‘এই যুদ্ধ কেবল পোকরোভস্ক, কুপিয়ানস্ক বা অন্য কোনও শহর বা গ্রামের জন্য নয়, কেবল আমাদের এই অঞ্চল বা সেই অঞ্চল নিয়ে নয়। এই যুদ্ধ পুরো ইউক্রেনকে ঘিরে। যুদ্ধটা গোটা ইউরোপকে ঘিরে। গোটা বিশ্বের জন্য শৃঙ্খলা বা বিশৃঙ্খলার যুদ্ধ।’
শীতের আগেই ইউক্রেনের শহরগুলোয় বিমান হামলা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে রাশিয়া। একইসঙ্গে যুদ্ধে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে ১০ হাজারের বেশি সেনাও পেয়েছে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কূটতিক মহলে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনা জোরালো হয়েছে।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কিয়েভ ওয়াশিংটনের কাছ থেকে প্রয়োজনীয় সামরিক সহায়তা পাবে কি না তা অনিশ্চিত। এ অনিশ্চয়তার মধ্যেই এ বিষয়ের উল্লেখ করে জেলেনস্কি তার ভাষণে বলেছেন,‘অন্য কাউকে দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত হবে না।’
তিনি আরও বলেছেন, ‘এটি এমন একটি যুদ্ধ, যা পুরো জাতির ভাগ্য নির্ধারণ করছে। আর আমাদের জন্য অন্য কেউই এটা নির্ধারণ করতে পারে না, উচিতও না।’
সূত্র : এনডিটিভি