প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১০:৩৩ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৬:৩৮ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ব্রাজিলের পুলিশ। তাদের মধ্যে চারজন সেনা সদস্য ও একজন পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা ও তার ভাইস প্রেসিডেন্ট রানিংমেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়। এ অভিযোগেই মঙ্গলবার পাঁচজনকে আটক করা হয়েছে।
২০২২ সালের অক্টোবরে ক্ষমতাসীন জাইর বোলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লুলা। তবে বোলসোনারো কখনও প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি।
লুলা শপথ গ্রহণ করার এক সপ্তাহ পরে বোলসোনারোর সমর্থকরা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালান, ভাঙচুর করেন।
পুলিশ সে সময় হামলার শিকার ভবনগুলো খালি করে ও হাজার হাজার বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আটক করে।
২০২৩ সালের ৮ জানুয়ারির ঘটনার পাশাপাশি লুলাকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া থেকে আটকানোর আগের কথিত প্রচেষ্টাগুলোরও তদন্ত চলছে। তবে এই প্রথম পুলিশ লুলাকে হত্যাচেষ্টার অভিযোগ প্রকাশ করেছে।
সূত্র : বিবিসি