প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ১১:১৩ এএম
ছবি : সিএনএন
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে দুটি পৃথক শুটিং ইভেন্টে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। রবিবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।
রবিবার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কির্কপ্রাট্রিক বলেন, সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে। দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল। ৪৫ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ সময় হঠাৎ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালান। গুলিতে নয়জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলিতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছেন। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কি না।
হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ভিডিও কিংবা ছবি রয়েছে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ।