প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের ‘গোপন‘ বৈঠকের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার (১৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইরানের দুজন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১১ নভেম্বর) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়।
আরাকচি বলেছেন, ‘এই বৈঠকটি আমেরিকান মিডিয়ার একটি বানোয়াট গল্প ছিল। আর এর পেছনের উদ্দেশ্যও অনুমান করা। আমার মতে, আমেরিকর মিডিয়া ইলন মাস্ক ও ইরানের প্রতিনিধির মধ্যে বৈঠক সম্পর্কে যে বানোয়াট কথা বলছে তা মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়া মতো অবস্থা আছে কিনা তা দেখার জন্য একটি পরীক্ষামূলক প্রক্রিয়া ছিল।’
আরাকচি আরও বলেন, ‘সরকার থেকে এই ধরনের কোনো বৈঠকের অনুমতি ছিল না। এখন এ ধরনের বৈঠকের সময় না আর তা সমীচীনও না। আমরা এখনও যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের তাদের নীতি স্পষ্ট করার অপেক্ষায় আছি। আর এর ভিত্তিতে এ বিষয়ে আমরা আমাদের নিজস্ব নীতিমালা ঠিক করব।’
তাছাড়া আরাকচি জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থা আইএইএ ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধে ‘সংঘাত বা সহযোগিতার জন্য প্রস্তুত’ ইরান।