প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১০:১৫ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:০০ এএম
জন থুন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটের নতুন সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে সাউথ ডাকোটার প্রবীণ সিনেটর জন থুনকে বাছাই করেছেন রিপাবলিকানরা।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করা নিয়ে আইনপ্রণেতাদের জোর প্রস্তুতি চলার মধ্যেই বুধবার (১৩ নভেম্বর) ভোটাভুটিতে অংশ নিয়ে থুনকে বেছে নেন তারা।
বর্তমানে কনিষ্ঠ নেতৃত্বের অবস্থানে থাকা জন থুন সিনেটে অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর জন কর্নিনকে পরাজিত করেন। থুন বিদায়ি দলনেতা মিচ ম্যাককনেলের স্থলাভিষিক্ত হবেন। এর আগে থুন কট্টর রক্ষণশীল নেতা ও ট্রাম্পের অনুগত ফ্লোরিডার সিনেটর রিক স্কটের বিরুদ্ধে জেতেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিনেট যেকোনো মাত্রায়ই হোক স্বাধীনভাবে কাজ করবে, থুনের এ জয় সে ইঙ্গিতই বহন করছে।
প্রচলিত প্রথা অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ করার কিছুক্ষণ পর সিনেটে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০-এর মধ্যে রিপাবলিকানের দখলে থাকছে অন্তত ৫২টি আসন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।