প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ০৮:২৮ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ বিষয়ে জানিয়েছে।
বৃহস্পতিবার দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা অধিকৃত সিরিয়ার গোলান (হাইটস)-এর দিক থেকে দামেস্কের মাজেহ এলাকা ও গ্রামাঞ্চলের কুদসায়ার আবাসিক ভবনগুলো লক্ষ করে বিমান হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনি ইসলামি জিহাদ সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকটি ভবন ও কমান্ড সেন্টার লক্ষ করে বিমান হামলা চালিয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলাগুলো গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ও এর সহযোগিদের জন্য একটি ‘উল্লেখযোগ্য আঘাত’।
এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী মাজেহে গোষ্ঠীটির একটি অফিসকে লক্ষ্য করে এ হামলাটি চালিয়েছে। যাতে গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
বৈরুত থেকে আলজাজিরার সাংবাদিক চার্লস স্ট্রাটফোর্ড বলেছেন, ‘ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একটি গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। যারা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় হামাসের সঙ্গে অংশ নিয়েছিল।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৭৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৩৭০ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিরা