প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম
ম্যাট গেটজ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে কট্টরপন্থী রিপাবলিকান ম্যাট গেটজকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
৪২ বছর বয়সি গেটজ ফ্লোরিডার কট্টরপন্থী রিপাবলিকান কংগ্রেসম্যান। তিনি ট্রাম্পের একজন অনুগত ও বিশ্বস্ত সমর্থকও। তিনি দেশের শীর্ষ প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি মার্কিন বিচার বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করবেন।
দেশটির স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ট্রাম্প এ ঘোষণা দিয়ে নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মের একটি পোস্টে লিখেছেন,‘ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের সীমান্ত রক্ষা করবেন, অপরাধমূলক সংগঠনগুলোকে ভেঙে দেবেন ও বিচার বিভাগের প্রতি আমেরিকানদের খারাপভাবে ভেঙে পড়া বিশ্বাস ও আস্থা পুনরুদ্ধার করবেন।’
বিচার বিভাগকে “অস্ত্রীকরণ করছে বলে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছিলেন তিনি।
এ বিষয়ের উল্লেখ করে ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের বিচার ব্যবস্থার পক্ষপাতমূলক অস্ত্রায়নের অবসানের চেয়ে আমেরিকায় অল্প কয়েকটি বিষয়ই বেশি গুরুত্বপূর্ণ আছে।’
ট্রাম্পের বিশ্বস্ত সমর্থক গেটজ বড় ধরনের কোনো সংস্কার না করা হলে বিচার বিভাগ বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের পদটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার জন্য গুরুত্বপূর্ণ হবে। এটি তার নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।