প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৭:১০ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী গত প্রায় ৩০ বছরে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একটি যুগান্তকারী আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ল্যানসেটে প্রকাশিত বৈশ্বিক বিশ্লেষণে দেখা গেছে, ১৯৯০ সাল থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ডায়বেটিসের হার ৭ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দ্বিগুণ হয়েছে। তবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ হার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে বিশ্বজুড়ে ১৮ কিংবা তার বেশি বয়সিদের মধ্যে প্রায় ৮২ কোটি ৮০ লাখ ডায়াবেটিস রোগী শনাক্ত হয়েছে। তারা ডায়াবেটিসের টাইপ-১ কিংবা টাইপ-২ ধরনে আক্রান্ত।
এই গবেষণাটি সব দেশে ডায়াবেটিসের হার ও চিকিৎসা সম্পর্কিত প্রথম বিশ্বব্যাপী বিশ্লেষণ। এনসিডি-আরআইএসসির বিজ্ঞানীরা এ গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা নিয়েছেন। তারা এখানে বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি গবেষণা থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী ১৪ কোটিরও বেশি মানুষের তথ্য ব্যবহার করেছেন।
গবেষণায় ক্রমবর্ধমান স্বাস্থ্য বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, বিশ্বব্যাপী আক্রান্তদের অর্ধেকের বেশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে রয়েছেন। ২০২২ সালে ডায়াবেটিসে আক্রান্তদের তথ্যানুসারে, এক চতুর্থাংশের বেশি (২১ কোটি ২০ লাখ) ভারতে, ১৪ কোটি ৮০ লাখ চীনে, ৪ কোটি ২০ লাখ যুক্তরাষ্ট্রে ও ৩ কোটি ৬০ লাখ পাকিস্তানে বসবাস করতেন। এছাড়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২ কোটি ৫০ লাখ ও ২ কোটি ২০ লাখ।
প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ, ক্যারিবিয়ান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশেরও বেশি নারী ও পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত। উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র (১২ দশমিক ৫০ শতাংশ) ও যুক্তরাজ্যে (৮ দশমিক ৮০ শতাংশ) ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি।