ইউক্রেন যুদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৪:৪৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৪:৪৯ পিএম
ডোনাল্ড ট্রাম্প (বাঁ দিকে) ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন-এমন খবর গত রবিবার থেকে ছড়িয়ে পড়ে। অথচ ওইদিন রাতেও রাশিয়া-ইউক্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। অবশেষে সোমবার (১১ নভেম্বর) ক্রেমলিন এ ঘটনাকে ‘অলীক গল্প’ বলে আখ্যা দিয়েছে।
গত রবিবার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই খবর সম্পূর্ণ অসত্য। এটি একটি কল্পকাহিনী। এটি শুধু মিথ্যা তথ্য। পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।’
পেসকভ আরও বলেন, ‘এটিই সুস্পষ্ট উদাহরণ যে, যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তার মান কেমন। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাগুলোতেও এরকম তথ্য প্রকাশিত হচ্ছে।’
ট্রাম্পের সঙ্গে পুতিনের কোনো যোগাযোগের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পেসকভ বলেন, ‘এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।’
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের একটি প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে (ট্রাম্প) অভিনন্দন জানাচ্ছি। এরপর অবশ্য দুই দেশের নির্বাহী প্রধানের মধ্যে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যই মেলেনি।
সূত্র : রয়টার্স