আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৭:৩৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৮:১৪ পিএম
ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
মার্গারেট আলভাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ৫২৮ ভোট পেয়ে জয় পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার বিরোধী পক্ষে মার্গারেট আলভা পেয়েছেন ১৮২ ভোট।
ভারতের লোকসভার সাধারণ সম্পাদক উৎপল কে সিং ভোট গণনার পর চূড়ান্ত ফল ঘোষণা করেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮০ জন। এ দিন ভোট দিয়েছেন ৭২৫ জন। তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়।
জগদীপ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও কাজ করবেন। তিনি বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি হতে যাচ্ছেন, যার মেয়াদ শেষ হবে ১০ আগস্ট।
ফল ঘোষণার পর গত মাসে নির্বাচিত দেশটির নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ শীর্ষ নেতারা জগদীপকে অভিনন্দন জানান।
প্রবা/এনএস/