প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ০৯:৫৭ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম
বৈরুতের রফিক হারিরি হাসপাতালের পাশে ইসরায়েলি বিমান হামলার পর উদ্ধারকারীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছেন। ছবি : আলজাজিরা
গাজা, লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯৪ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে সাত শিশুও রয়েছে। সোমবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, রবিবার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসাসূত্র জানিয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর এক হামলায় নিহত হয়েছে ৩৬ জন।
এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে বলে রবিবার অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এক বছরের বেশি সময় চলা এ হামলায় আহত হয়েছে আরও ১ লাখ ২ হাজার ৯২৯ ফিলিস্তিনি।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৩৮ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হয়েছে। আলমাত গ্রামে হওয়া এ হামলায় নিহতের মধ্যে সাতটি শিশুও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯ জন নিহত এবং ১৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
অন্যদিকে রবিবার সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী এ বোমা হামলা চালায় এবং এতে অন্তত সাতজন নিহত হয়েছে।