প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাঞ্চলের উত্তরখণ্ড রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৪ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।
রাজ্যটির মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, সোমবার ভারতীয় হিমালয়ের আলমোড়া জেলার মারচুলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র পিঞ্চা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাসটি উত্তরখণ্ডের গাড়োয়াল জেলা থেকে রামনগরের উদ্দেশে যাত্রা করছিল। দুর্ঘটনাকবলিত বাসটিতে অন্তত ৪২ জন যাত্রী ছিলেন।
উত্তরখণ্ডের উচ্চপদস্থ কর্মকর্তা বিনীত পল সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিশেষায়িত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে এই ‘দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা’ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে রাজ্যটির মূখ্যমন্ত্রী লিখেছেন,‘জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
সূত্র : আলজাজিরা