প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৬:৪৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৭:০০ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি। ছবি : সংগৃহীত
গাজার উত্তরাঞ্চলে হত্যাচেষ্টার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
হালেভির ওপর এই প্রাণঘাতী হামলাটি হামাসের কাসসাম ব্রিগেডের সেনারা করেছে বলে জানা গিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে ইরনা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন জেনারেল হালেভি। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজার উত্তরাঞ্চলের একটি বাড়িতে সফলভাবে হামলা চালিয়েছে। যেখানে হালেভির উপস্থিত থাকার কথা জানা গিয়েছিল।
তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন হালেভি। তিনি কোনো ধরনের আঘাত পাননি।
একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, হালেভি উত্তর গাজায় চলমান ইসরায়েলি সেনা অভিযান পরিদর্শন করছিলেন। খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময়ে একটি বাড়ির ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাচ্ছে গাজার স্বাধীনতাকামী সামরিক সংগঠন আল কাসসাম ব্রিগেড। কয়েক দিন আগেই শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন আল কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা ও হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। তারপরই যুদ্ধ আরও জোরদার করার ঘোষণা দেয় বাহিনীটি।
সূত্র : ইরনা