প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৫:৫০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৬:২৪ পিএম
ঘটনাস্থলে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি। শুক্রবার (১ নভেম্বর) পাকিস্তানের বেলিুচিস্তান থেকে তোলা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাসতুংয়ের সিভিল হসপিটাল চকের গার্লস হাই স্কুলের কাছে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন স্কুলের শিক্ষার্থী, একজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। শুক্রবার (১ নভেম্বর) দেশটির পুলিশ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। ডিএইচকিউ মেডিকেল সুপারিনটেনডেন্ট নিসার আহমেদ বালুচ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
বালুচ আরও জানিয়েছেন, আহত ৩০ জন বর্তমানে মাসতুংয়ের ডিএইচকিউ ও নবাব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী।
সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মিয়ানদাদ উমরানি জানিয়েছেন, পুলিশের একটি মোটরসাইকেলে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস লাগানো ছিল।
হতাহত স্কুলশিক্ষার্থীদের মধ্যে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীই রয়েছে। তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এদিকে আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন।
মাসতুংয়ের ডেপুটি কমিশনার মীর বাজ খান মারি জানিয়েছেন, হাসপাতাল দুইটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিস্ফোরণে পুলিশের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তাছাড়া রিকশাসহ ঘটনাস্থলের আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি যানবাহও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহত পুলিশ ও স্কুল শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
সূত্র : জিও নিউজ