প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৭:১৬ পিএম
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে বিমান থেকে নামতে গিয়ে পায়ের হাড় ভেঙে গেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির। শুক্রবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। জারদারিকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
জারদারির কার্যালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পায়ের হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা করার পর চিকিৎসক তার পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্লাস্টার কাস্টটি চার সপ্তাহ জারদারির পায়ে লাগানো থাকবে।’
এতে আরও জানানো হয়েছে, প্রেসিডেন্টকে তার বাসভবনে ফিরিয়ে আনা হয়েছে। তাকে পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সোমবার থেকে চার দিনের সফরে চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে তিনি বেইজিংয়ে যাবেন না। কূটনৈতিক সূত্র অনুসারে, এই সফরটি ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। আর এই সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠকের কথা ছিল জারদারির।