প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৩৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৮:১৪ পিএম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা বা হত্যাচেষ্টা চালানোর ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত আছে। এমনটাই অভিযোগ করেছে কানাডিয়ান সরকার। বুধবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মঙ্গলবার ভারতের এই হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ভারত সরকার কানাডার আগের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। খালিস্তানপন্থী আন্দোলনের শিখ নেতাকে হত্যা বা তাদের হত্যাচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিল।
রয়টার্স জানিয়েছে , কানাডার কর্মকর্তারা শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাচেষ্টায় অমিত শাহের জড়িত থাকার যে অভিযোগ তুলেছেন সে খবর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রথম প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের পেছনে অমিত শাহের হাত আছে।
কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার দেশটির একটি সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার এই চক্রান্তের পেছনে অমিত শাহ রয়েছেন বলে তিনি যুক্তরাষ্ট্রের এই সংবাদপত্রকে জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছেন, তিনি (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি নিশ্চিত করেছি যে তিনিই (অমিত শাহ) সেই ব্যক্তি।’
তবে এই বিষয়ে কানাডিয়ান ওই সংসদীয় কমিটিকে বিশদ বিবরণ বা কোনও ধরনের প্রমাণ দেননি মরিসন।
অন্যদিকে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অটোয়ায় অবস্থিত ভারতের হাইকমিশন ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
ভারত মনে করে, শিখ বিচ্ছিন্নতাবাদীরা ‘সন্ত্রাসী’ ও তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি।
তবে শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ভূখণ্ডে খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় আন্দোলন করে চলেছে। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে ভারতে একটি বিদ্রোহের সময় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।
সূত্র : রয়টার্স