প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১০:০৭ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের কেরালার কাসারগড় জেলার একটি মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে নীলস্বরামের কাছে আঞ্জুয়াম্বালাম বীরারকভ মন্দিরে উৎসব চলাকালে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, আহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের কাসারগড়, কান্নুর ও ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ডিস্ট্রিক্ট কালেক্টর ইনবাসেকর কে জানিয়েছেন, গুরুতর আহতদের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ ধারণা করছে, বীরারকভ মন্দিরের দেয়ালের কাছে আতশবাজি সংরক্ষণাগারে আগুন লেগে ই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পটকা হঠাৎ চাদর-বাঁধানো আতশবাজি সংরক্ষণাগারে আঘাত হানে। যার পাশেই নারী, শিশুসহ বিপুলসংখ্যক মানুষ ‘থেইয়াম’ দেখতে ভিড় জমিয়েছিল।
ইনবাসেকর কে বলেছেন, ‘ প্রাথমিক তদন্তে জানা গেছে, আতশবাজি সংরক্ষণাগার ও যেখানে পটকা ফাটানো হচ্ছিল সে জায়গাটি কাছাকাছি ছিল। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’
পুলিশ একটি মামলা দায়ের করেছে। মন্দির কর্তৃপক্ষকে হেফাজতে নেওয়া হয়েছে।