প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৩:২১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৩:২২ পিএম
এক্স অ্যাকাউন্ট থেকে স্ক্রিণশট নেওয়া।
সামাজিক মাধ্যম আয়াতুল্লাহ আলি খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে দুইটি পোস্ট করার পরই সেটাকে 'সাসপেন্ড' বা বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম পোস্টের বরাতে বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
গতকাল রবিবার জানা যায় খামেনি ‘গুরুতর অসুস্থ’ এবং তার উত্তরসূরি নির্বাচন নিয়ে ‘নীরব প্রতিযোগিতা চলছে’। কিন্তু দিনের পরবর্তী অংশে তিনি রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের ইসরায়েলি বিমান হামলা নিয়ে এক্সে পোস্ট করে গুজবে পানি ঢেলে দেন।
তার মূল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে খামেনি বলেন, ‘ইরানে ইসরায়েলের হামলাকে ‘বাড়িয়ে বা কমিয়ে’ দেখা হবে না।’
মূল অ্যাকাউন্ট চালু থাকলে শুধু হিব্রু ভাষায় পোস্ট করার জন্য অপর একটি অ্যাকাউন্ট খোলেন খামেনি। সেই অ্যাকাউন্টের রবিবার সর্বশেষ পোস্টে বলা হয়, ‘জায়োনিস্ট শাসকরা ভুল করেছে। ইরান নিয়ে তাদের হিসাবে ভুল আছে। জাতি হিসেবে ইরানের ক্ষমতা, সক্ষমতা, উদ্যোগ ও অভিলাষ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হবে।’
মূল অ্যাকাউন্টেও একই পোস্ট দেন তিনি। পোস্টে বলা হয়, ‘ইহুদিরা ইরানকে নিয়ে ভুল হিসাব করছে। তারা ইরানকে চেনে না, ইরানি জনগণের শক্তি-উদ্যোগ এবং সংকল্পকে সঠিকভাবে বুঝতে পারেনি। তাদের এই বিষয়গুলো আমাদের বোঝাতে হবে।’
মূল অ্যাকাউন্টেও মাঝে মধ্যে হিব্রু ভাষায় পোস্ট করেন খামেনি। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহারের নজির রয়েছে।
শনিবার সকালে হিব্রু অ্যাকাউন্টে প্রথম পোস্ট করেন খামেনি। সেখানে বলা হয় ‘পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি।’
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার পর এই অ্যাকাউন্টে দুইটি পোস্ট করেন খামেনি।
এক্সে মূল অ্যাকাউন্টে করা পোস্টে খামেনি বলেন, ‘ইসরায়েলি বিমান হামলাকে ছোট করে দেখারও কিছু নেই, বড় করে দেখারও কিছু নেই।’