প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১২:৪২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৯:৫২ পিএম
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটি সমাবেশে। ছবি: রয়টার্স
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনসভায় ট্রাম্প বলেন, তিনি (কমলা হ্যারিস) উগ্র বামপন্থী মার্কসবাদী। এছাড়া তাকে বুদ্ধিহীন উল্লেখ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য বলেও মন্তব্য করেন।
সোমবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জনসভায় আগত উপস্থিতিদের উদ্দেশে ট্রাম্প বলেন, যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীদের বের করে দেওয়া হবে।
তিনি বলেন, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন এবং এদিন আমাদেরকে একত্রিত করার দিন। আমরা এদিন আমেরিকাকে আবার শক্তিশালী করার সুযোগ পাব।
ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে, আপনি (কমলা) আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছেন।
এবারের নির্বাচনে জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়াসহ সাতটি রাজ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।
এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ই-মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।