প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত এক বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননের কোনো নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর আগে সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে ইসরায়েল। তবে এবারই প্রথম একটি এক মিনিটের ভিডিও বার্তার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ।
ভিডিওবার্তাটিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন সীমান্তের নিকটবর্তী ৩ থেকে ২২ কিমি (২-১৪ মাইল) পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তাগুলো জারি করা হয়েছে। এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বসবাস।
এতোদিন ইসরায়েলি সামরিক বাহিনীকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ও এর আশেপাশে এবং লেবাননের অন্যান্য অংশে এভাবে সতর্ক করার কৌশল ব্যবহার করতে দেখা গিয়েছে। আর এখন হিজবুল্লাহকে তাদের হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে একই পদ্ধতি ব্যবহার করতে দেখা গেল।
হিজবুল্লাহর হামলার ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে ইতোমধ্যে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েলি সরকার।
গোষ্ঠীটির এই ভিডিওবার্তাকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন উত্তেজনার আরেকটি মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : আলজাজিরা