প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ০০:৫৭ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ০১:০৩ এএম
রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবি সংগৃহীত
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নমুনা নোট সামনে এসেছে। স্মারক হিসেবে ‘১০০’ মূল্যমানের ১০০০টি নোট ছাপা হয়েছে। কাজানে জোটের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই প্রতীকী ব্রিকস নোট উপহার দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ব্রিকসের নতুন এই নোটের পেছনের অংশে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তবে পতাকাটি বাংলাদেশের মানচিত্র খচিত, যেটি মহান মুক্তিযুদ্ধের সময়ের।
গত বৃহস্পতিবার রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুৎনিকের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে নমুনা নোট ছাপানোর সিদ্ধান্ত হয়। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরজাচ শহরে নোটগুলো ছাপা হয়।
নতুন এই নোটটির সামনের দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ঐতিহ্যর প্রতীক রয়েছে। এর পেছনের অংশে নতুন সদস্য মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ সম্ভাব্য অংশীদারদের পতাকা এবং নাম হয়েছে। নোটটির সমস্ত অঙ্কন হস্তখচিত।
বাংলাদেশ এরই মধ্যে ব্রিকস জোটের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ব্রিকসের উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ।