প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে এ হামলায় অন্তত দুজন ইরানি সেনা নিহত হয়েছেন। ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জনিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আজ ভোরের দিকে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এ আগ্রাসন মোকাবিলা করেছে। তাদের দুজন সেনা শহীদ হয়েছেন। এ হামলার ফলে কিছু এলাকায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। যার মাত্রা খতিয়ে দেখা হচ্ছে।
বিবৃতিতে দেশটির জনগণকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শত্রু গণমাধ্যমের ছড়ানো গুজব উপেক্ষা করারও আহ্বান জানানো হয়েছে।
শনিবার ভোরে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরু করায় এবং হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করায় প্রতিশোধ হিসেবে ১ অক্টোর ইসরায়েলে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে।
ইরান ইসরায়েলের এ হামলার জবাব দেবে বলে জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানকে এ হামলার প্রতিশোধ না নেওয়ার বিষয়ে হুঁশিয়ার করেছে।