প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০৯:৫৯ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বার্তা সংস্থাটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করেছে। যেখানে দেখা গেছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের ওপর দিয়ে অ্যান্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। সেগুলো ইরানের দিকে ধেয়ে আসা ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে; যার ফলে আলোর ঝলকানি দেখা গেছে।
শনিবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জনিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আজ ভোরের দিকে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এ আগ্রাসন মোকাবেলা করেছে। এ হামলার ফলে কিছু এলাকায় সিমীত ক্ষয়ক্ষতি হয়েছে। যার মাত্রা খতিয়ে দেখা হচ্ছে।
বিবৃতিতে দেশটির জনগণকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে শত্রু গণমাধ্যমের ছড়ানো গুজব উপেক্ষা করারও আহ্বান জানানো হয়েছে।