প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:০২ পিএম
গাজায় যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চীনা সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকে শি জিনপিং ইরানের প্রতি চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় চীন সবসময় সহযোগিতা করবে। চীন ইরানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রাখতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে পেজেশকিয়ান জানান, ইরান অবকাঠামো ও ক্লিন এনার্জির মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।
তিনি বলেন, বৈশ্বিক আধিপত্য ও বল প্রয়োগের বিরুদ্ধে ইরান চীনের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান নেবে।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে শি জিনপিং ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং গাজায় যুদ্ধবিরতি দ্রুত শুরু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজার জনগণের দুর্ভোগ লাঘব করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।