প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৭:৫৬ পিএম
বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকী খুনের ঘটনায় আলোচনায় এসেছে বিষ্ণোই গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোইয়ের নাম। বর্তমানে গুজরাটের সবরমতী জেলে বন্দি এই গ্যাংস্টার। জানা গেছে, তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, ভোটে লড়ার প্রস্তাব পেয়েছেন এই গ্যাংস্টার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। উত্তর ভারতীয় বিকাশ সেনা রাজনৈতিক দলের পক্ষে তাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনে নথিভুক্ত এই রাজনৈতিক দল।
চিঠিতে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গর্বিত যে লরেন্স উত্তর ভারতীয় ও পাঞ্জাবের বাসিন্দা। চিঠিতে লরেন্সের সঙ্গে তুলনা করা হয় স্বাধীনতা সংগ্রামী ভগত সিংয়েরও। এরপরেই ওই চিঠিতে লরেন্সকে অনুরোধ করা হয় যে, তিনি যেন আগামী মাসে যে নির্বাচন হতে চলেছে তথা মহারাষ্ট্র নির্বাচনে প্রার্থী হতে রাজি হন। চিঠিতে উল্লিখিত তারিখ ১৮ অক্টোবর আর ঠিকানা লেখা রয়েছে সবরমতী জেল।
বেশ অনেক দিন থেকেই সালমান খানকে খুন করার হুমকি দিয়ে চলেছে লরেন্স ও তার গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানকে মেরে ফেলতে চায় লরেন্স। কারণ তাদের কাছে কৃষ্ণসার হরিণ দেবী। এই প্রজাতির হরিণকে বিষ্ণোই সম্প্রদায় মাতৃরূপে পূজা করে।
সম্প্রতি বান্দ্রায় বাবা সিদ্দিকীকে হত্যা করে ফের খবরের শিরোনামে উঠে আসে এই গ্যাং। লরেন্সের দাবি, বাবার সঙ্গে যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের। সেই কারণেই মারা হয়েছে তাকে। দশেরার দিন তার ছেলের অফিসের বাইরে প্রকাশ্যে বাবা সিদ্দিকীকে হত্যা করে লরেন্সের গ্যাংয়ের সদস্যরা।