প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৩:৫৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি মেনে নিলে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এদিকে ইসরায়েলও যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গোয়েন্দাপ্রধান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দেবেন।
দীর্ঘদিন ধরে গাাজায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে আছে। সে স্থবিরতা কাটিয়ে গাজায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় গতি আসার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েল ও হামাস উভয়ের পক্ষ থেকে।
গত এক বছর ধরে চলমান এ যুদ্ধ বন্ধের আগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
গত ১৭ অক্টোবর হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হন। এরপর সিনওয়ার হত্যাকাণ্ড একটি চুক্তির পথ খুলে দেওয়ার ক্ষেত্র হিসেবে কাজ করতে পারে বলে আশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গোষ্ঠ দোহাভিত্তিক একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার কায়রোতে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি সম্পর্কিত ‘ধারণা ও প্রস্তাব’ নিয়ে আলোচনা করেছে।
ওই কর্মকর্তা বলেছেন,‘হামাস যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত। কিন্তু ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। গাজা উপত্যকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার সুযোগ দিতে হবে। বন্দিবিনিময় চুক্তিতে রাজি হতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে।’
তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা আবার শুরুর জন্য মিসরের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই কায়রোয় সবশেষ বৈঠকটি হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে মিসরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
কায়রো বৈঠকের পর নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে আগামী রবিবার অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আলোচ্যসূচিতে থাকা একাধিক উদ্যোগকে সামনে এগিয়ে নিতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন।
সূত্র : এনডিটিভি