প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১২:১০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৬:১৬ পিএম
ইসরায়েলি হামলায় দাউদাউ করে আগুন জ্বলছে, বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে আকাশে। রবিবার (২০ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে তোলা। ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় বৈরুত ও বেকা উপত্যকায় হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তাদের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ও দক্ষিণাঞ্চলে কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়েছে। সে প্রতিষ্ঠানগুলো হিজবুল্লাহর অর্থায়নে ব্যবহৃত হতো।
রবিবার রাতে লেবাননের রাজধানী বৈরুতজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর শত শত বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈরুতের শহরতলিতে অন্তত ১০ টি বিস্ফোরণের আওয়াজ শুনেছেন তারা। এরপর বাতাসে কোলো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। বিস্ফোরণের পর আশেপাশের অঞ্চলগুলো নিরাপদ হবে বলে মনে করে সেখানে যাওয়ার চেষ্টায় আতঙ্কিত জনগণ রাস্তায় ভীড় করে। ফলে শহরের কিছু অংশে যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৈরুতের দক্ষিণ শহরতলির চিয়াহ এলাকার একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের আগ মুহূর্তে ওই এলাকায় বসবাসকারী মানুষেরা সেখান থেকে সরে গেছেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশনের অবকাঠামোতে হামলা শুরু করবে।
বিবৃতিতে বেসামরিক নাগরিকদের সতর্ক করে দিয়ে তাদের উদ্দেশে ইসরায়েলি মুখপাত্র বলেছেন, ‘অবিলম্বে সেখান থেকে সরে যান।’
সূত্র : রয়টার্স