প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ০৯:১৮ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ০৯:৫৪ এএম
ছবি : সংগৃহীত
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সেনা পাঠানো শুরু করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ বিষয়ে জানিয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কি জানিয়েছিলেন, ১০ হাজার উত্তর কোরিয়ান সেনা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে বলে তিনি ধারণা করছেন। তার এ বক্তব্যের একদিন পরই দক্ষিণ কোরিয়া এ অভিযোগ করল। ‘গুরুতর নিরাপত্তা হুমকির’ বিষয়েও সতর্ক করেছে সিউল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল শুক্রবার একটি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। আর সেখানে বলেছেনছেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ‘সম্ভাব্য সব উপায়ে’ সাড়া দিতে হবে।
গোয়েন্দা সংস্থাটির মতে, ইতোমধ্যেই ১ হাজার ৫০০ জন সেনা রাশিয়ায় পৌঁছে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, এই সংখ্যা ১২ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে।
উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ দিয়ে সহায়তা করছে বলে প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতিই রুশ হামলার পর ইউক্রেনের পোলতাভা অঞ্চলে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। আর এর পরই সেনা পাঠানোর ঘটনা ঘটল।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ও পিয়ংইয়ং তাদের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করেছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পুতিনকে তার ‘ঘনিষ্ঠ সহযোদ্ধা’ বলেও সম্বোধন করেছিলেন।
চলতি বছরের শুরুর দিকে কিম জং উনকে একটি বিলাসবহুল গাড়ীও উপহার দিয়েছিলেন পুতিন।