সিনওয়ার হত্যাকাণ্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১১:৫১ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১২:৩২ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার ঘটনাকে ‘গাজায় যুদ্ধের শেষ নয়, শেষের শুরু’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (১৮ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় বিজয় হচ্ছে হামাসপ্রধান সিনওয়ারকে হত্যা করা। তার মৃত্যু হামাসের জন্য একটি বড় ধাক্কা।
বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইয়াহিয়া সিনওয়ার মারা গেছেন। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাহসী সেনাদের হাতে রাফায় নিহত হয়েছেন। এটা গাজায় যুদ্ধের শেষ নয়, শেষের শুরু।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে এখনও বড় চ্যালেঞ্চ অপেক্ষা করছে। আমাদের প্রয়োজন ধৈর্য, একতা, সাহস ও দৃঢ়তা। আমরা একসঙ্গে লড়াই করব। আর সৃষ্টিকর্তার সহায়তায় আমরা একসঙ্গে জয়ী হব।’
ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, ‘আজ আমরা হিসাব বরাবর করেছি। আজ অশুভ শক্তির ওপর আঘাত লেগেছে। কিন্তু আমাদের কাজ এখনও সম্পন্ন হয়নি। প্রিয় জিম্মি পরিবারকে আমি বলতে চাই, এটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা ততক্ষণ পর্যন্ত সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না আপনাদের সব প্রিয়জন, আামাদের প্রিয়জনরা ঘরে ফিরছেন।’