প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৬:২৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ০৮:৫৮ এএম
বিটিএস সদস্য জং হো-সেওক (জে-হোপ) । ছবি : সংগৃহীত
বিটিএস দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় বয়ব্যান্ড। যা পুরো বিশ্বব্যাপী বিখ্যাত। এর সদস্য জে-হোপ ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষে আনুষ্ঠানিকভাবে বেসামরিক জীবনে ফিরেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
জে-হোপের আসল নাম জং হো-সেওক। ভক্তরা তাকে ভালোবেসে হবি নামেও ডাকেন। আর বিটিএসের এই ভক্তদের ডাকা হয় আর্মি নামে।
জে-হোপ আর্মি ডিভিশনের মধ্য দিয়ে হেঁটে আসার সময় তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিটিএসের জ্যেষ্ঠ সদস্য জিন। হোবিকে ফুলের তোড়া দিয়ে ও আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তিনি। তবে বাধ্যতামূলক সামরিকসেবায় নিয়োজিত থাকায় বিটিএসের অন্য সদস্যরা- আরএম, সুগা, ভি, জিমিন ও জাংকুক তাকে স্বাগত জানাতে পারেননি। উপস্থিত হতে পারেননি তার অভ্যর্থনা উৎসবে ।
জে-হোপ ফিরে আসার আগে সামাজিকমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে বিগহিট মিউজিক। সে বিবৃতিতে বলা হয়েছে,‘হ্যালো। এটা বিগহিট মিউজিক। জে-হোপের সামরিকসেবা থেকে ফিরে আসার খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। জে-হোপ সেনাবাহিনীতে তার সক্রিয় পরিষেবা শেষ করতে যাচ্ছেন। শিগগিরই তাকে অব্যাহতি দেওয়া হবে।’
বিবৃতিতে বিগহিট আরও জানিয়েছে, জে-হোপের প্রত্যাবর্তনের দিন কোনো বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। ভক্তদের উপচে পড়া ভিড়ের ফলে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য ভক্তদের জে-হোপকে অভ্যর্থনা জানানোর জন্য না আসার পরামর্শ দেওয়া হয়েছে। হবির জন্য উষ্ণ শুভেচ্ছা ও সাহস ভক্তদের হৃদয়ে ধারণ করতে বলা হয়েছে।
বিগহিট বলেছে, ‘জে-হোপের প্রতি আপনাদের অবিচল ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ। বিটিএসের জন্য আপনাদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের আবারও ধন্যবাদ।’
বুধবার জে-হোপ সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে তার ফিরে আসার উত্তেজনা প্রতাশ করে লিখেছেন,‘ডি-১’। যার অর্থ হলো সামরিক পরিষেবা থেকে তার ফিরে আসতে আর মাত্র এক দিন বাকি আছে।
সামরিক পরিষেবা থেকে ইতোমধ্যেই বয়ব্যান্ডটির জ্যেষ্ঠ সদস্য জিন ফিরে এসেছেন। বেসামরিক জীবনে ফিরে আসা দ্বিতীয় বিটিএস সদস্য জে-হোপ।
২০২৩ সালের ডিসেম্বরে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন আরএম ও ভি। তারপর বিটিএসের বাকি সদস্যরাও গিয়েছেন সামরিক পরিষেবায়। আশা করা হচ্ছে বাধ্যতামূলক দায়িত্ব শেষ করে ২০২৫ সালে বিটিএসের সাত আবারও একত্রিত হবেন।
দক্ষিণ কোরিয়ায় ১৮ থেকে ৩৫ বছর বয়সি পুরুষ নাগরিকদের ১৮ মাস বাধ্যতামূলক সামরিক পরিষেবা সম্পাদন করতে হয়। প্রতিটি সুস্থ-স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষকে ৩০ বছরের মধ্যে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়।
সূত্র : এনডিটিভি