প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১২:২০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:০২ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর কোনো ধরনের ক্ষমা না দেখিয়ে নির্দয়ভাবে হামলা চালানোর অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হিজবুল্লাহর সব ঘাঁটিতে এ হামলা চালানো হবে। সোমবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সোমবার হাইফার দক্ষিণে বিনিয়ামিনার কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব অংশে হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালানো অব্যাহত রাখব।’
সেপ্টেম্বরের শেষ দিকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের তীব্র যুদ্ধ শুরু হওয়ার পর রবিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর এক দিন পরই নেতানিয়াহু এ প্রতিশ্রুতি দিয়েছেন।
ইসরায়েলি স্বেচ্ছাসেবক উদ্ধার সংস্থা ইউনাইটেড হাটজালাহ জানিয়েছে, রবিবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ হামলায় অন্তত চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলার জবাবে তারা ‘স্কোয়াড্রন অব অ্যাট ড্রোন’ নিক্ষেপ করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৩ সেপ্টেম্বর লেবাননের বিভিন্ন লক্ষবস্তুতে ইসরায়েলি হামলা জোরদার করার পর থেকে এখন অবধি যুদ্ধে অন্তত ১ হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ।