প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ০৯:১৮ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১১:৪৫ এএম
হাভানায় মিছিল করছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল (মাঝে), প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যারেরো (মাঝে ডান দিকে) ও কিউবার ইয়াং কমিউনিস্ট লিগের ফার্স্ট সেক্রেটারি মেইবিস এস্তেভেজ (মাঝে বাঁ দিকে)। ছবি : সংগৃহীত
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের নেতৃত্বে হাজার হাজার কিউবান হাভানায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানাতে হাভানায় এ ফিলিস্তিনপন্থি মিছিল করা হয়েছে। প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেলের পাশাপাশি কমিউনিস্টশাসিত দ্বীপটির অন্য নেতারাও এর নেতৃত্ব দিয়েছেন।
কিউবার বিক্ষোভকারীদের সঙ্গে কিউবায় বসবাসরত ২৫০ ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও ছিলেন। তারা একটি বড় ব্যানার বহন করছিলেন। যাতে লেখা ছিল ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’। এ বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করে দিয়াজ-ক্যানেল ও তার মিত্ররা ঐতিহ্যবাহী কেফিয়েহ স্কার্ফ পরেছিলেন।
২০ বছর বয়সি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিশেল মারিনো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির সমর্থনে এখানে বিক্ষোভ করছি। তাদের সার্বভৌমত্বের, তাদের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে… ও ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ করছি।’
কিউবায় বসবাসরত ফিলিস্তিনি শিক্ষার্থী মোহাম্মদ সুয়ান বিক্ষোভ মিছিলে সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘বিশ্ব পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তারা গাজা ও পশ্চিম তীরের এ ট্র্যাজেডি বন্ধ করতে অক্ষম।’