প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৫:১৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৮:১৩ পিএম
ছবি : সংগৃহীত
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকায়ো। শুক্রবার (১১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার (বাংলাদেশ সময় বেলা ৩টা) দিকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে।
নিহান হিদানকায়ো হিবাকুশা নামেও পরিচিত। এটি হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। সংস্থাটিকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে ও পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এর শক্তিশালী সাক্ষীর সাক্ষ্যের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ‘পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা ও পারমাণবিক অস্ত্র যে আর কখনও ব্যবহার করা উচিত নয় তা সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য হিবাকুশা শান্তি পুরস্কার পাচ্ছে।’
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সংস্থাটির শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘সংস্থাটি পারমাণবিক অস্ত্র বিলোপের লক্ষ্যে বহু বছর ধরে কাজ করে আসছে। এই সংস্থাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া অত্যন্ত অর্থবহ।’
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে লিটল বয় ও ফ্যাট ম্যান নামে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়। সেই দুটি পারমাণবিক বোমার প্রত্যক্ষদর্শীরা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করেছেন।
আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।ওইদিনই নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে সংস্থাটিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এবার ১৯৭ জন ব্যক্তি ও ৮৯ টি প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটটি । গত বছর ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি সরূপ দেশটির মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি এ পুরস্কার পেয়েছিলেন।
সূত্র : আলজাজিরা, রয়টার্স, হিন্দুস্তান টাইমস