প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৪:৫৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি অব্যবহৃত সোনার খনিতে লিফট বিকল হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ১২ জনের দুইটি দল ক্রিপল কলোরাডোর টেলার কাউন্টির ক্রিপল ক্রিকের মলি ক্যাথলিন গোল্ড মাইন পরিদর্শন করছিলেন। এটি একটি ব্যক্তিগত মালিকানাধীন পর্যটন আকর্ষণকেন্দ্র।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে পর্যটকরা মলি ক্যাথলিন গোল্ড মাইন পরিদর্শন করছিলেন। তখন মাইনটির লিফট হঠাৎ বিকল হয়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। একটি দল ছয় ঘণ্টা মাটির ১০০০ ফুট নিচে খনিটিতে আটকা পড়ে যায়।
টেলার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, যন্ত্রপাতির ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রথম দলটির একজন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুই শিশুসহ বাকি ১১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে চারজন সামান্য আহত হয়েছেন।
১২ জনের দ্বিতীয় পর্যটক দলটি খনির নিচে একটি সুরঙ্গে আটকা পড়েন। তবে তাদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।