প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ০৯:০০ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১০:৪৭ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দুকি জেলার একটি স্থানীয় কয়লাখনিতে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে এ হামলা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নিকটবর্তী টিচিং হসপিটাল লোরালাইতে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে পুলিশ জানায়, এ হামলায় দুজন খনিশ্রমিক নিহত হয়েছেন। কিন্তু পরে অন্তত ২০ জন নিহত ও সাতজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন মেডিকেল অফিসার ডা. জোহর সাদোজাই।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হামলায় হ্যান্ড গ্রেনেড ও রকেট ব্যবহার করেছে। তা ছাড়া তারা খনিশ্রমিকদের এক জায়গায় একত্র করে তাদের ওপর গুলি চালিয়েছে।
পুলিশ ও এফসি কর্মীদের দল হামলাকৃত এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে।
পাকিস্তানে চলতি বছর সন্ত্রাসী হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে ১ হাজার ৫৩৪ জন নিহত হয়েছে; যা ২০২৩ সালে ছিল ১ হাজার ৫২৩ জন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানেই ৯৭ শতাংশ নিহতের ঘটনা ঘটেছে।
সূত্র : জিও নিউজ