প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৪:২২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৬:০১ পিএম
রতন টাটা। ছবি : সংগৃহীত
রতন টাটার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এদিকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ কিংবদন্তি শিল্পপতি ও সমাজসেবীকে সম্মান জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক দিনের শোক ঘোষণা করেছেন।
বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তাকে শ্রদ্ধা জানাতে মহারাষ্ট্রের সরকারি অফিসগুলোতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবারের অনেক নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তার মরদেহ মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে (এনসিপিএ) রাখা থাকবে। সেখানে সাধারণ মানুষও তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকালে ওরলি এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
দেশটির প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদি আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য লাওসের উদ্দেশে রওনা হয়েছেন। তাই তার স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটার শেষকৃত্যে অংশ নেবেন।
রতন টাটা ছয়টি মহাদেশের ১০০ টিরও বেশি দেশে টাটা গ্রুপের পরিচালিত ৩০ টিরও বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন। তারপরও তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন। বিশাল প্রভাব ও সাফল্য থাকা সত্ত্বেও তিনি কখনও কোটিপতিদের তালিকায় আসেননি। তিনি ছিলেন যথেষ্ট সততা ও শালীনতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী।
সূত্র : এনডিটিভি