প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৫:২০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৫:৪৭ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত
ইরানের অবকাঠামোতে যেকোনো হামলার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে ইসরায়েলকে হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এ বিষয়ে জানিয়েছেন।
ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করার পর গত সপ্তাহে ইরান ইসরায়েলে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হা্মলা চালায়। এরপর ইসরায়েল ইরানের এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলেও জানা গেছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে আরাকচি বলেছেন, ‘আমরা ইহুদিবাদী সরকারকে (ইসরায়েল) ইসলামী প্রজাতন্ত্রের প্রস্তাব পরীক্ষা না করার পরামর্শ দিচ্ছি। যদি আমাদের দেশের বিরুদ্ধে কোনো হামলা চালানো হয়, তাহলে এর প্রতিক্রিয়া হবে আরও শক্তিশালী।’
আরাকচি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানের অবকাঠামোতে যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েলের ভিতরে কোন ধরনের লক্ষ্যবস্তুগুলো আমাদের নাগালের মধ্যে রয়েছে তা আমাদের শত্রুরা জানে।’
ইরানের তেলমন্ত্রী খার্গ দ্বীপে গিয়েছেন। দেশটির প্রধান রপ্তানি টার্মিনাল এই দ্বীপেই অবস্থিত। ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চলাতে পারে এমন আশঙ্কা থেকে রবিবার তিনি দেশটির নৌ কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন। তেল মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট শানা এ বিষয়ে জানিয়েছে।
ইসরায়েল ইরানের হামলার প্রতিক্রিয়া কীভাবে করবে সে বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইসরায়েল কীভাবে প্রতিক্রিয়া করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন না।
সূত্র : রয়টার্স